Learn about the history, purpose, and journey of Rajnagar United Co-operative Credit Union Ltd.
RUCCU has been serving members and the community with cooperative financial services for decades.
রাজনগর ইউনাইটেড কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (রাকু) এলাকার জনসাধারণের কাছে আস্থা, বিশ্বাস এবং আর্থিক অবলম্বনের অন্যতম একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা কমিটি এবং কর্মীবৃন্দ বিধিবদ্ধ নিয়ম মেনে সফলতার সাথে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আর্থিক কার্যক্রমের পাশাপাশি রাকু বিভিন্ন সামাজিক, শিক্ষা ও কল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
প্রায় তিন দশক পূর্বে, ০১ জুলাই ১৯৯০ খ্রিস্টাব্দে মুঃ সাইফুল ইসলামের উদ্যোগে মোঃ আবু তালেব, মোঃ হুমায়ুন কবির সরকার, মোঃ মনির হোসেন, মোঃ আবদুল বারী, মোঃ মিজানুর রহমান মোড়লসহ এলাকার সৃজনশীল ১৪ জন যুবক মিলে দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল জনগোষ্ঠীকে গ্রাম্য মহাজনদের শোষণ থেকে রক্ষা এবং তাদের স্বাবলম্বী ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। নানা ঘাত-প্রতিঘাত, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আজ একটি সফল ও মানসম্মত আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
১৯৯০ দশকের শুরুতে দক্ষিণ রাজনগর গ্রামে কারিতাস বাংলাদেশের উন্নয়ন ও শিক্ষা কর্মসূচির আওতায় একটি যুব সমিতি গঠিত হয়। পরবর্তীতে নেতৃত্বের দ্বন্দ্বের কারণে সমিতিটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে কার্যক্রম স্থবির হয়ে পড়ে। একইভাবে আশেপাশের অন্যান্য সমিতিও বিভিন্ন দ্বন্দ্ব, কোন্দল ও আর্থিক অনিয়মের কারণে ভেঙে যায়।
সেই সময় দেশের আর্থ-সামাজিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক। দারিদ্র্য, বেকারত্ব এবং ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হওয়ার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। গ্রাম্য মহাজনদের ঋণের ওপর নির্ভরশীলতা ছিল মানুষের একমাত্র অবলম্বন, যার ফলে অনেক পরিবার সর্বস্বান্ত ও নির্যাতনের শিকার হয়েছে।
এই পরিস্থিতির পরিবর্তনের লক্ষ্যে এলাকার সচেতন ও সৃজনশীল যুবকরা একাধিক আলোচনা সভায় মিলিত হন। এরই ধারাবাহিকতায় ১৬ জুন ১৯৯০ খ্রিস্টাব্দে ১১ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২২ জুন ১৯৯০ খ্রিস্টাব্দে ০৯ সদস্য বিশিষ্ট অস্থায়ী ব্যবস্থাপনা কমিটি গঠিত হয় এবং ০১ জুলাই ১৯৯০ খ্রিস্টাব্দে “ইউনাইটেড ক্রেডিট ইউনিয়ন (ইউকু)” নামে ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
১৯৯৩ খ্রিস্টাব্দে সমবায় অধিদপ্তরে নিবন্ধনের জন্য প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে “রাজনগর ইউনাইটেড সমবায় ও মিতব্যয় সঞ্চয় সমিতি লিঃ” রাখা হয় এবং ২৮ জুন ১৯৯৩ খ্রিস্টাব্দে সমবায় অধিদপ্তর থেকে ২৫ নম্বরে নিবন্ধন লাভ করে। পরবর্তীতে ০৩ মে ১৯৯৪ খ্রিস্টাব্দে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)-এর সদস্যপদ লাভ করে। ২০০৬ খ্রিস্টাব্দে পুনরায় নাম পরিবর্তন করে “রাজনগর ইউনাইটেড কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (রাকু)” নামকরণ করা হয় এবং উপ-আইন সংশোধন করা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই রাকু সাংগঠনিক কার্যক্রম, সদস্য ভর্তি, শেয়ার মূলধন গঠন, সঞ্চয় আমানত সংগ্রহ, সাধারণ ঋণ প্রদান এবং বিভিন্ন নীতিমালা ও উপ-আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধনের লক্ষ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম হাতে নেওয়া হয় এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জিত হয়।
কালব-এর সহযোগিতায় প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও সমবায় অধিদপ্তরে বিধিবদ্ধভাবে জমা দেওয়ার মাধ্যমে ২৮ জুন ১৯৯৩ খ্রিস্টাব্দে সমিতিটি আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করে।
প্রতিষ্ঠার শুরুতে ১৯৯০-১৯৯১ অর্থবছরে সদস্য সংখ্যা ছিল মাত্র ৭৯ জন এবং মূলধনের পরিমাণ ছিল ১১,৮৮৯ টাকা। সে সময় শুধুমাত্র শেয়ার মূলধন ও সঞ্চয় আমানত কার্যক্রম পরিচালিত হত।
পরবর্তীতে সদস্যদের ঋণ চাহিদা বৃদ্ধির কারণে ২০০৫-২০০৬ অর্থবছরে “ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (এমএসপি)” চালু করা হয়। এরপর ২০১০-২০১১ অর্থবছরে আরও ০৯টি সঞ্চয় প্রোডাক্ট এবং ০৩টি ঋণ প্রোডাক্ট চালু করা হয়।
ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিষ্ঠানের পূর্ণ সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৮,১৩৪ জন এবং অন্যান্য প্রোডাক্টসহ মোট সদস্য সংখ্যা ১৮,৩৭৩ জন। বর্তমানে শেয়ার মূলধন ২৮,৬৭৩,৫৫০ টাকা, সঞ্চয় আমানত ১,০২২,৬৫১,২৪৪ টাকা, পাওনা ঋণের পরিমাণ ৭৩৪,২১২,২০০ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১,১৭৭,৬১০,৪৫৮ টাকা।
১। সাধারণ সঞ্চয় প্রকল্প
২। শিশু সঞ্চয় প্রকল্প
৩। ব্যবসা সঞ্চয় প্রকল্প
৪। গৃহায়ন সঞ্চয় প্রকল্প
৫। বিশেষ সঞ্চয় প্রকল্প
৬। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প
৭। বয়স্ক সঞ্চয় প্রকল্প
৮। শিক্ষা সঞ্চয় প্রকল্প
৯। স্থায়ী সঞ্চয় প্রকল্প
১০। দ্বিগুণ সঞ্চয় প্রকল্প
১১। ত্রৈমাসিক সঞ্চয় প্রকল্প
১২। উৎসব সঞ্চয় প্রকল্প
১। সাধারণ ঋণ প্রকল্প
২। ব্যবসা ঋণ প্রকল্প
৩। গৃহায়ণ ঋণ প্রকল্প
৪। বন্ধকী ঋণ প্রকল্প
প্রতিষ্ঠার শুরুতে দক্ষিণ রাজনগর গ্রামের মুঃ নেয়ামত উল্লাহ মাস্টারের বৈঠকখানায় সমিতির দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হত। পরবর্তীতে কারিতাস প্রদত্ত ফ্ল্যাড সেল্টারের রান্নাঘর ব্যবহার করা হয়। সে সময় মাত্র একজন কর্মী অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত ছিলেন।
সদস্যদের সুবিধার্থে পরবর্তীতে স্থানীয় নয়াবাজারে কোষাধ্যক্ষের দোকানে অফিস স্থানান্তর করা হয়। পরে বাজারের কাঠের ব্রিজ সরানোর পর খালি জায়গায় সম্মিলিত প্রচেষ্টায় একটি ছোট অফিস ঘর নির্মাণ করা হয়। ধাপে ধাপে সংস্কারের মাধ্যমে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত সেই অফিসে কার্যক্রম পরিচালিত হয়।
ইতোমধ্যে ১৯৯২ সালে ০৩ শতাংশ এবং ২০১৫ সালে ০৭ শতাংশ জমি সমিতির নামে ক্রয় করা হয়। ০৩ শতাংশ জমিতে বনায়ন এবং ০৭ শতাংশ জমির ওপর চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা অফিস ভবন নির্মাণ করা হয়।
২৩ জানুয়ারি ২০১৬ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি নবনির্মিত “রাকু ভবন” উদ্বোধন করেন। পরবর্তীতে মে ২০১৬ খ্রিস্টাব্দে নয়াবাজার অফিস থেকে রাকু ভবনে কার্যক্রম স্থানান্তর করা হয়।
প্রতিষ্ঠার শুরু থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র একজন কর্মী দায়িত্ব পালন করলেও পরবর্তীতে সদস্য ও মূলধন বৃদ্ধির সাথে সাথে বর্তমানে বিভিন্ন পদমর্যাদায় মোট ১৮ জন কর্মী নিয়োজিত রয়েছেন।
© Copyright 2026, All Rights Reserved | RUCCU